1. »
  2. খেলার মাঠ

আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৩ এএম | আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৩ এএম

আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে আরও একবার মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন আর্জেন্টাইন এই তারকা। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ঘরের মাঠের সমর্থকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই ম্যাচটিকে বিশেষভাবে আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তবে বিদায়ী ম্যাচে অংশ নিতে আবারও জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন তিনি।

কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন মেসি। নির্ধারিত তিনটি প্রীতি ম্যাচের মধ্যে কেবল বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই মাঠে নামবেন তিনি।

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচি শুরু হবে ৩০ সেপ্টেম্বর। সেদিন কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এর তিন দিন পর, একই স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী আয়োজন সম্পন্ন হবে।

এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, কোচ স্কালোনির সঙ্গে আলোচনা করেই ৬ অক্টোবর মেসিকে তার প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ম্যাচ দেখতে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে।

মেসির পাশাপাশি কাতার বিশ্বকাপজয়ী দলের সতীর্থ জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও স্কোয়াডে রয়েছেন।

বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম ও শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি।

ম্যাচে গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি।

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লেওনার্দো বালেরদি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়থ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি।

ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, লিওনেল মেসি।