1. »
  2. জাতীয়

দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৬ পিএম

দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট

জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশীয় গ্যাসের উৎপাদনের পাশাপাশি আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়িয়ে এ পরিস্থিতির উন্নতি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। আগের দিন একই সময়ে সরবরাহ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজির মধ্যে সমন্বয় করে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মঙ্গলবারের মোট সরবরাহের মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে পাওয়া গেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট। আর আমদানি করা এলএনজি থেকে এসেছে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সার উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

পেট্রোবাংলা সূত্র বলছে, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ থেকে ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে সোমবার জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট। তার আগের দিন রোববার সরবরাহ ছিল ২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট।

সে হিসাবে সোমবারের তুলনায় মঙ্গলবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট। আর রোববারের তুলনায় বেড়েছে ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট। অর্থাৎ দুই দিনের ব্যবধানে গ্যাস সরবরাহে বড় ধরনের বৃদ্ধি ঘটেছে।

সরবরাহ বাড়লেও জাতীয় গ্রিডে গ্যাসের চাহিদার তুলনায় ঘাটতি এখনো রয়েছে। তবে দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানির সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পেট্রোবাংলা।