1. »
  2. আইন আদালত

জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ এএম | আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ এএম

জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

জোর করে নেওয়া কোনো শিক্ষকের পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই বলে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া শিক্ষককে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরের 'গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়'-এর প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে বলপূর্বক পদত্যাগে বাধ্য করার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ গত ২০ আগস্ট রুল নিষ্পত্তি করে এই রায় দেন। 

মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র মামলায় দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির।

রায়ে আদালত বলেন, রিটকারী শিক্ষকের পদত্যাগপত্র স্বেচ্ছায় দেওয়া হয়নি; বরং তার স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছিল, আর এ ধরনের পদত্যাগের কোনো আইনগত বৈধতা নেই। 

আদালত স্পষ্ট করে বলেন, প্রচলিত আইন ও বিধি জোরপূর্বক বা চাপের মুখে নেওয়া পদত্যাগকে সমর্থন করে না।

রায়ে আরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন আদালত—নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, পর্ষদের সভাপতিকে অপসারণ এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

রায় ঘোষণার সময় আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. জহুরুল ইসলাম মুকুল ও মানবেন্দ্র রায়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির পক্ষে ছিলেন আইনজীবী এস এম রেজাউল ইসলাম।