1. »
  2. দূর্ঘটনা

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রকৃতপক্ষে আহতের সংখ্যা ১১ জন।

জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়েছিল। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে একটি ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ফেরদৌস আলম (৫) ও মিপতা (১৭)। আহতদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইক্রোবাসচালক মুন্না (৪০) ও আরও একজন, যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত অবস্থায় পায়, পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটি, তবে পালিয়ে গেছেন এর চালক ও সহকারী। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি নুর আহমদ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।