1. »
  2. আন্তর্জাতিক

জাভা সাগরে ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ এএম | আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ এএম

জাভা সাগরে ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানে যাওয়ার পথে ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার জাভা সাগরে নিখোঁজ জাহাজটির সন্ধানে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারীরা।

দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, 'ভার্গো ট্রান্সপোর্ট ৮' নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার খবর তারা পেয়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছে জাভা সাগরে, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকর্মীদের ইতিমধ্যে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে এবং ত্রিসাক্তিতে একটি অভিযান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ পরিচালনাকারী সংস্থা দুর্যোগের খবর পাওয়ার পরই বিষয়টি জানায়। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল জাহাজটি।