প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৮ পিএম
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং চারপাশ পরিচ্ছন্ন ও পরিবেশ দূষণমুক্ত রাখার আহ্বান জানান। ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণ করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চায় অংশ নিতে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এ ছাড়া তাদের ক্বিরাত চর্চারও পরামর্শ দেন তিনি।
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।
এদিন জাতীয় সংসদ ভবনে আসে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক এবং সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষক। এ ছাড়া তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষকও সংসদ ভবনে আসেন। তারা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা জানায়, প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে এবং এই সাক্ষাৎ তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা
- সড়ক পরিবহন মন্ত্রী’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী