রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৪ পিএম
চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর প্রায় তিন দশক পর তাঁর হত্যা মামলায় গতি ফিরেছে। এই মামলার অন্যতম আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শাহ আলম।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় প্রথমে দায়ের হয়েছিল একটি অপমৃত্যু মামলা। বহু বছর ধরে ঝুলে থাকা এই মামলায় মোড় আসে গত বছরের ২০ অক্টোবর—ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর ভিত্তিতে পরদিন ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন।
মামলা হত্যা মামলায় রূপান্তরের প্রায় দশ মাস পর গত ৯ আগস্ট ভোরে বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। একই দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। পরে ২৭ আগস্ট তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই রিমান্ড শেষেই আজ তাকে ফের কারাগারে পাঠানো হলো।
এ মামলায় ডন ছাড়াও আসামি রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার