1. »
  2. অর্থ বাণিজ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২ পিএম | আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে কিংবা তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। 

তাদের এই আশঙ্কার মধ্যেই আজ বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা বাড়তে দেখা গেছে, যা প্রায় দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।

এদিন ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৯ দশমিক ৪৯ ডলারে, যা ১০০ ডলারের সীমা ছুঁইছুঁই করছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬৩ ডলারে।

তেলের এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন করে উত্তেজনা। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের নতুন হামলার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে শঙ্কা আরও তীব্র হয়েছে। পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরও বাজারের অস্থিরতা বাড়িয়ে তুলেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সরবরাহে বড় বিঘ্নের আশঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত গতিতে বাড়ছে। 

এর আগে গত ৮ সেপ্টেম্বর ব্রেন্টের দাম ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। তবে হরমুজ প্রণালি দিয়ে এখনো উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন অব্যাহত থাকা এবং রপ্তানিকারকদের বিকল্প পথ ব্যবহারের কারণে এখন পর্যন্ত দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করেনি।

বিশ্লেষকদের মতে, সংঘাত পরিস্থিতির আরও অবনতি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

মোজাহিদ/দিনকাল