1. »
  2. আন্তর্জাতিক

হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ এএম

হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম

মার্কিন নৌবাহিনীর অবরোধের চাপের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নির্দিষ্ট অংশে নতুন একটি ‘নিষিদ্ধ এলাকা’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

একই সময়ে অভ্যন্তরীণ বাজারে নির্ধারিত কোটার অতিরিক্ত পেট্রোল ব্যবহারকারীদের জন্য জ্বালানির দাম দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে পারস্য উপসাগরের একটি নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত নতুন নিষিদ্ধ এলাকা নির্ধারণ করা হবে। ওই এলাকায় প্রবেশ করা যেকোনো জলযানকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে অর্থনৈতিক চাপ মোকাবিলায় পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে মাসিক কোটার তৃতীয় ধাপের আওতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হবে।

তবে সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি জানিয়েছেন, মাসিক ব্যবহারের প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নির্ধারিত সীমার মধ্যে থাকা ব্যবহারকারীদের ওপর নতুন এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না।

এর মধ্যে ইরানের অর্থনীতিতে মুদ্রার দরপতনের চাপও অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানি রিয়ালের মূল্য কমতে থাকে। বর্তমানে খোলাবাজারে এক মার্কিন ডলারের দাম প্রায় ২২ লাখ রিয়ালে উঠেছে।

ইরানের ওপর চাপ আরও বাড়াতে ওয়াশিংটন তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্য নিয়ে অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধ জোরদার করছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও সম্প্রতি তেহরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধের পরিকল্পনার কথা জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নতুন নিষিদ্ধ এলাকা তৈরির ইরানি সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।