চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২৯ পিএম | আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম
চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ব্যয় সংকোচন নীতি বজায় রাখতে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না করে ধাপে ধাপে এই নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রবিবার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল ইসলাম জানান, নভেম্বর-ডিসেম্বর মাস শিক্ষার্থীদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এবং শিক্ষকরাই মূলত প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাই পরীক্ষার সময় বাদ দিয়ে তার আগে বা পরে ইউপি নির্বাচনের তারিখ ঠিক করা হবে।
তিনি আরও বলেন, দেশের সব ইউপিতে একযোগে ভোট করা অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে কঠিন। তাই সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ধাপে ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি অংশগ্রহণের দাবি ইসির কাছে জানানো হয়েছিল বলে জানান কমিশনার। তবে এ ব্যাপারে কমিশনের অবস্থান স্পষ্ট—এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের সুষ্ঠু, নিরপেক্ষ ও গঠনমূলক পরিবেশ বজায় রাখার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং শিক্ষকদের নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে, যা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর।
ভোটার স্থানান্তর প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক ও রুটিন কাজ, বিশেষ কোনো উদ্দেশ্যে করা হয় না বলে যে ধারণা প্রচলিত আছে তা সঠিক নয়। ভুল বোঝাবুঝি এড়াতে ও অনিয়ম ঠেকাতে ইসি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, যাতে নিয়মের মধ্যে থেকেই সবাই এই সুযোগ নিতে পারেন।
আসন্ন উপ-নির্বাচনগুলোতে ভোটদান প্রক্রিয়া সহজ করতে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইসি, যাতে পোস্টাল ব্যালট সাধারণ মানুষের কাছে আরও জনবান্ধব হয়ে ওঠে।
স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ও কারচুপি ঠেকাতে নেওয়া হচ্ছে বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ: সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা কর্মকর্তাদের জন্য বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বহুগুণ বৃদ্ধি, বিশৃঙ্খলা ঠেকাতে ড্রোন প্রযুক্তির ব্যবহার, ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান ও নআইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত মোতায়েন নিশ্চিতকরণ।
কমিশনার বলেন, এসব ব্যবস্থার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
আরও পড়ুন
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
- ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় সেবকদের জন্য সরকারের নতুন উদ্যোগ
- দূষণমুক্ত নদী গড়তে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঋণ মওকুফ পেয়েছেন সোয়া ১৪ লাখ কৃষক
- ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশী’: প্রধানমন্ত্রী
- সাত মাসে নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশের
- সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস
- ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই