নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত দুই কর্মী উদ্ধার
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫ এএম | আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫ এএম
হিমালয় অঞ্চলে প্রলয়ংকরী পাহাড়ি ঢল ও ভূমিধসের ৯ দিন পর নেপালের একটি সুড়ঙ্গে আটকে থাকা দুই কর্মীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে আটকা পড়েছিলেন তারা। অত্যন্ত বিপজ্জনক ও প্রতিকূল পরিস্থিতিতে রাতভর চলা অভিযানের পর এই সাফল্য মেলে।
বন্যাদুর্গত নুয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, সুড়ঙ্গে ছিদ্র করে নিখোঁজ ৪২ জন কর্মীর সন্ধানে তল্লাশির সময় উদ্ধারকর্মীরা ভেতরে মানুষের আওয়াজ শুনতে পান।
এরপর মাটির একটি সরু গর্ত দিয়ে টেনে দুজনকে বের করে আনা হয় এবং তাদের দ্রুত চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানো হয়। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষের কণ্ঠস্বর শোনা গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা, যা আরও কর্মীকে জীবিত উদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে।
পাহাড়ি ঢলে সিমেন্টের মতো ঘন কাদামাটি ও পাথর ধসে এসে নেপালজুড়ে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। নিখোঁজদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের বহু বিদেশি কর্মীও রয়েছেন, যাদের জীবিত পাওয়ার আশা ক্রমেই ফিকে হয়ে আসছিল।
ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কর্নেল পরীক্ষিত মেহরা জানান, এ ধরনের সুড়ঙ্গ উদ্ধার অভিযানে সাধারণত প্রথম ৪৮ ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তার ভাষ্যে, ঘুটঘুটে অন্ধকারে ২৪ থেকে ২৫ ঘণ্টা কাটালে মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে, আর ৪৮ ঘণ্টা পার হলে শুরু হয় হ্যালুসিনেশন বা বিভ্রম।
তবে সব শঙ্কা পেছনে ফেলে দীর্ঘ ৯ দিন পর দুই কর্মীকে জীবিত উদ্ধার করাকে তিনি অলৌকিক সাফল্য বলে বর্ণনা করেছেন। সুড়ঙ্গের গভীরে আটকে থাকা বাকি কর্মীদের উদ্ধারে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
সূত্র: সিএনএন
আরও পড়ুন
- ইরানবিরোধী ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইইউ
- 'শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে' : ইরান
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- ২৯ সেপ্টেম্বর প্রথম দফায় মিয়ানমার ফিরছেন ১৪৭৬ রোহিঙ্গা
- লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, প্রত্যাখ্যান কানাডার
- নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭২, নতুন বিপর্যয়ের শঙ্কায় চীনের সতর্কতা
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নিষেধাজ্ঞামুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
- মক্কায় রেড অ্যালার্ট জারি