1. »
  2. দূর্ঘটনা

ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮ এএম | আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮ এএম

ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাস ধাক্কা দিলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে। 

নিহত তিনজনের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন হেফাজতে নেয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।