1. »
  2. জাতীয়

সাত মাসে নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশের

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪২ এএম | আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪২ এএম

সাত মাসে নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশের

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে সারাদেশে ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, আর দুই হাজার ৩৮ জনের এখনো সন্ধান মেলেনি— অর্থাৎ মোট নিখোঁজদের প্রায় ১৩ শতাংশ এখনো উদ্ধার হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশিত হয়। কিন্তু এসব প্রতিবেদনে নিখোঁজ শিশুদের পরবর্তী পরিণতি— কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরেছে— তা উল্লেখ না থাকায় প্রকৃত চিত্র স্পষ্ট হয়নি বলে মনে করছে পুলিশ। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই সংশ্লিষ্ট থানার মাধ্যমে স্থানীয় পর্যায়ে তথ্য যাচাই-বাছাই করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে নয় বছর বয়সী শিশুদের নিখোঁজ নিয়ে ৪৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে জানুয়ারি-জুলাই সময়ে। এদের মধ্যে ৪০৬ জন উদ্ধার হয়েছে, বাকি ৬৮ জন এখনো নিখোঁজ।

একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সীদের বিষয়ে জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি, যার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক হাজার ৯৭০ জন এখনো উদ্ধার হয়নি।

পুলিশের ভাষ্যমতে, ছোট শিশুরা সাধারণত পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারিয়ে, নিজের নাম-ঠিকানা বলতে না পারায় কিংবা একা বাসায় ফিরতে গিয়ে ভুল করে অন্য কোথাও চলে যাওয়ার কারণে নিখোঁজ হয়।

অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে কারণ ভিন্ন— অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে গা ঢাকা দেওয়া, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবারের কাছ থেকে অর্থ বা সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ এবং বন্ধু-সহপাঠীদের প্রভাব— এসব কারণে তারা বাড়ি ছাড়ে বলে পুলিশের পর্যবেক্ষণ।

পুলিশ জানায়, পুলিশি সেবা সহজ করার অংশ হিসেবে চালু হওয়া অনলাইন জিডি সুবিধার কারণে নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিগত বছরগুলোর তুলনামূলক তথ্যেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট— ২০২৩ সালে নিখোঁজ বিষয়ক জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১৬ হাজার ৪১৪-তে, আর ২০২৫ সালে তা বেড়ে হয় ২২ হাজার ৫৫০।

 

আরও পড়ুন