1. »
  2. খেলার মাঠ

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১৩ পিএম

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস

আসন্ন ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস, তার সহঅধিনায়কের দায়িত্বে থাকছেন তাওহিদ হৃদয়।

এবারের এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ক্রিকেট ইভেন্ট। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকায় প্রাথমিক পর্ব এড়িয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। 

আগামী ২৮ সেপ্টেম্বর ‘গ্রুপ বি’-এর বিজয়ী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের অভিযান শুরু করবে দলটি।

টি-টোয়েন্টি দলের নিয়মিত ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড গঠন করেছে বিসিবি। স্বর্ণপদক জয়কেই এবারের মূল লক্ষ্য হিসেবে ঠিক করেছে দল।

ওপেনিং দায়িত্বে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফ হাসান। মিডল অর্ডারে অধিনায়ক লিটনের সঙ্গী হবেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী চৌধুরী। 

অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন ও শেখ মাহেদি হাসান। পেস আক্রমণের দায়িত্বে থাকছেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।