1. »
  2. আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ০২:২৭ পিএম | আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ০২:২৭ পিএম

বিশ্বজুড়ে ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র

কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর কথা বলে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে অভিবাসী ভিসাপ্রার্থীদের নির্ধারিত সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। 

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানান। খবরটি প্রথম প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস।

যেসব আবেদনকারীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাঁদের ই-মেইলে জানানো হয়েছে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হচ্ছে; নতুন তারিখ পরে জানানো হবে। 

পররাষ্ট্র দপ্তর প্রশিক্ষণের নির্দিষ্ট বিস্তারিত বা সময়সূচি জানায়নি, তবে বলেছে এর লক্ষ্য কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্তে সহায়তা করা, যাঁরা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—অর্থাৎ ‘পাবলিক চার্জ’ বিধান অনুযায়ী মূল্যায়ন যেন সামগ্রিক ও ধারাবাহিক হয়, তা নিশ্চিত করা।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প কঠোর অভিবাসনবিরোধী নীতি নিয়েছেন, যার আওতায় ভিন্নমত পোষণ বা ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণের মতো কারণেও ভিসা-গ্রিন কার্ড বাতিল ও আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। 

মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানকে বৈষম্যমূলক ও মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘনকারী বলে নিন্দা জানিয়েছে, বিশেষত জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে এটি অনিরাপদ পরিবেশ তৈরি করেছে বলে তাদের অভিযোগ।

তবে এই অভিযানে আইনি বাধারও মুখোমুখি হতে হয়েছে প্রশাসনকে। গত শুক্রবার (২১ আগস্ট) একজন মার্কিন বিচারক এমন একটি নীতি বাতিল করেন, যার অধীনে বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছিল। 

বিচারকের রায়ে বলা হয়, এই নীতির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর তাঁর প্রশাসন বৈধ অভিবাসন প্রক্রিয়াকেও আরও কঠিন করে তুলেছে।