মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৮:২৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৮:২৭ পিএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া বাণীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাণীতে তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। মহানবী (সা.)-এর আগমনকে মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা আখ্যায়িত করে তিনি বলেন, তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছিল এবং তিনি তাওহিদের দিকে আহ্বানের পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছিলেন এবং এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা বিভেদ নয়, বরং ভ্রাতৃত্ব ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান বিশ্ব যুদ্ধ, সংঘাত, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের মতো নানা সংকটের মুখোমুখি উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন সময়ে মহানবী (সা.)-এর শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।
তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ প্রেরণার উৎস হতে পারে।
তাঁর মতে, এই আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করতে পারে।
বাণীর শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের তাওফিক কামনা করেন এবং দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
সূত্র : বাসস
আরও পড়ুন
- হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
- ফ্যাসিস্ট আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল: পানিসম্পদ মন্ত্রী
- ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার
- সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গার্ড অব অনারে বঙ্গভবনে বরণ, দাপ্তরিক কাজ শুরু নতুন রাষ্ট্রপতির
- নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের