1. »
  2. জাতীয়

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৫:৫১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৫:৫১ পিএম

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার

রাজধানীর প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এই নীতিমালায় নির্ধারণ করা হবে—এসব রিকশা কোন এলাকায় ও কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হতে হবে এবং চালকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা সমস্যা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। পাশাপাশি এসব যান কারিগরিভাবে কতটা নিরাপদ ও মানসম্মত, তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সরকার শিগগিরই এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, পাশাপাশি যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হতে হবে—এসব বিষয় নীতিমালায় সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা চলাচলে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

মোজাহিদ