গার্ড অব অনারে বঙ্গভবনে বরণ, দাপ্তরিক কাজ শুরু নতুন রাষ্ট্রপতির
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:৪১ এএম | আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:৪১ এএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি।
বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। আজ বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো বলে নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।
এর আগে গত ২০ আগস্ট দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁকে বিজয়ী ঘোষণা করেন।
পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
সবশেষ গতকাল শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন
- নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের
- ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন মির্জা ফখরুল
- মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ
- ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, ১১ প্রকল্প উপস্থাপন