বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২২
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৯ এএম
বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে, যাতে একজন বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাংলাদেশি নাবিকসহ বাকি ২২ জনের খোঁজে অনুসন্ধান-উদ্ধার অভিযান চলছে।
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।
এমভি ওশেন উইনার নামের বাল্ক ক্যারিয়ার জাহাজটি গত ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। জাহাজে ছিল ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া। ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের খবর পায়। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড অনুসন্ধান ও উদ্ধার সহায়তা চেয়ে অনুরোধ জানায়।
জাহাজে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। উদ্ধার হওয়া দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, ফলে বাংলাদেশি নাবিকটি তাঁদের মধ্যে আছেন কি না তা স্পষ্ট নয়।
ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্টগার্ডের বরদ ও আনমোল জাহাজ দুটিকে অভিযানে পাঠানো হয়েছে, আর বিজিত নামের আরেকটি জাহাজ শ্রী বিজয়া পুরম থেকে অভিযানে যোগ দিতে রওনা হয়েছে।
এছাড়া এমটি আইসোপোস নামের একটি বাণিজ্যিক জাহাজকেও উদ্ধারকাজে যুক্ত করা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি লাইফ র্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজ ডুবির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ভারতের এক ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জাহাজগুলোকেও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
- কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার
- সর্বোচ্চ অর্থনৈতিক চাপে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে: ভ্যান্স
- হাসপাতালে থেকে ফের কারাগারে ইমরান খান
- নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ৫০, বেশিরভাগই শিশু
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু