সর্বোচ্চ অর্থনৈতিক চাপে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে: ভ্যান্স
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১২:০৫ পিএম
অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরান যাতে আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে, সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
গতকাল বৃহস্পতিবার এক বেতার অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ইরানের বিরুদ্ধে তাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর অস্ত্র হলো অর্থনৈতিক চাপ, তবে এটি একই সঙ্গে "স্পর্শকাতর ভারসাম্যের খেলা"ও বটে, কারণ যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করলে ইরানও পাল্টা চাপ তৈরির চেষ্টা করবে।
তিনি বলেন, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানই বেশি চাপ অনুভব করেছে। জ্বালানির দাম বাড়ার বিষয়টি স্বীকার করে ভ্যান্স বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রশাসন কাজ করছে।
ভ্যান্সের ভাষ্যমতে, গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সময় ইরানের শেষ হয়েছে এবং এই জলপথের ওপর তেহরানের একচেটিয়া নিয়ন্ত্রণও আর নেই। বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা সত্ত্বেও সামরিক ও বেসরকারি খাতের প্রচেষ্টায় হরমুজ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর "ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা" আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, সমন্বিত সর্বোচ্চ অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে এবং এতে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক (কাইনেটিক) অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ তাঁর কাছে স্পষ্ট নয়, তবে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে সম্ভবত নতুন করে বড় সামরিক অভিযানের প্রয়োজন হবে না।
আগামী সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন বলে জানান বেসেন্ট। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে "অর্থনৈতিক যুদ্ধ" চালানোর হুঁশিয়ারি দেন এবং যেসব দেশ ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেবে, তাদের বিরুদ্ধেও অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দেন।
সূত্র: সামা টিভি
আরও পড়ুন
- হাসপাতালে থেকে ফের কারাগারে ইমরান খান
- নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ৫০, বেশিরভাগই শিশু
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
- মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প