দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন মির্জা ফখরুল
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:৪৬ এএম | আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:৪৬ এএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত।
মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট, আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোট প্রদানে বিরত থাকেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা ও রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে তাঁর পরিচয় উল্লেখ করা হয় বাবার নাম মির্জা রুহুল আমিন, ঠিকানা কালিবাড়ী গ্রাম, ঠাকুরগাঁও সদর হিসেবে।
সদ্য সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কেউ। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবনে তাঁকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।
আরও পড়ুন
- ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ
- ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, ১১ প্রকল্প উপস্থাপন
- তিন জেলার ডিসি প্রত্যাহার
- জ্বালানি সংকট মোকাবেলায় কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল
- চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী