নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ৫০, বেশিরভাগই শিশু
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:৪২ এএম
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।
গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনার পর উদ্ধার অভিযান এখনো চলছে এবং স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বরাতে মৃতের সংখ্যা ৫৩ পর্যন্ত পৌঁছানোর কথা জানা গেছে।
সোকোটো প্রদেশের গোরোনিয়ো এলাকার গোরাউয়ের কাছে নদীপথে দুর্ঘটনাটি ঘটে।
জাতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের (এনআইডব্লিউএ) স্থানীয় ব্যবস্থাপক আবদুলকাদির ইউসুফ জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রয়টার্সের এক প্রতিনিধি গোরাউয়ের একটি মসজিদ প্রাঙ্গণে দাফনের অপেক্ষায় থাকা ৫০টি মরদেহ দেখতে পান, যেগুলো কাপড় ও পাটিতে মোড়ানো ছিল।
সোকোটো রাজ্য পরিষদের স্থানীয় সদস্য নাসিরু আদামু জানান, নৌকায় থাকা যাত্রীদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে ছিল এবং এ পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শারহাবিলু কিলিয়া বলেন, "আমরা ৪৬ জনের দাফন সম্পন্ন করেছি, আরও মরদেহ সবেমাত্র আনা হয়েছে। মৃতের সংখ্যা এখন ৫৩।"
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, নৌকাটিতে ধান কাটার মৌসুমি শ্রমিক ও খামার মালিকরা ছিলেন।
একজন বাসিন্দার দাবি, দুর্ঘটনার সময় নৌকায় ৭০ জনের বেশি যাত্রী ছিলেন, তবে অন্য একজনের ভাষ্যমতে যাত্রীসংখ্যা ছিল ৫৭ জন।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ত্রাণ ও পুনর্বাসন পরিচালক মুস্তাফা উমর জানান, কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং পরে বিস্তারিত তথ্য জানানো হবে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নাইজেরিয়ায় নদীপথে অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, বিশেষত বর্ষা মৌসুমে।
গত মাসে জিগাওয়া প্রদেশে একটি নৌকাডুবিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়। এর আগে জানুয়ারিতে ইয়োবে প্রদেশে একটি নৌকাডুবিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- সর্বোচ্চ অর্থনৈতিক চাপে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে: ভ্যান্স
- হাসপাতালে থেকে ফের কারাগারে ইমরান খান
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
- মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প