এ বছর হচ্ছে না বিপিএল
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৭:৩১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৭:৩১ পিএম
২০১২ সাল থেকে নিয়মিত মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার আয়োজন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় কোনো ব্যতিক্রম ছাড়া প্রতিবছরই অনুষ্ঠিত হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি চলতি বছর স্থগিত থাকছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আজ মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে বিপিএল প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেন, "আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।"
বিপিএলের সময়টাতে ভিন্ন কিছু আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তামিম জানান, একটি নির্দিষ্ট ফরমুলা নিয়ে কাজ চলছে, যার ৬০-৭০ শতাংশ অগ্রগতি হলেই ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার কীভাবে সাজানো হবে তা ঘোষণা করা হবে। তাঁর ভাষায়, এটি হবে "বেশ আলাদা ও রোমাঞ্চকর।"
আর্থিক ক্ষতি মেনে নিয়ে বিপিএল আয়োজনে রাজি নন তামিম। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানান তিনি। তাঁর ব্যাখ্যা, কোনো ফ্র্যাঞ্চাইজি সরে দাঁড়ালে বা কমপ্লায়েন্স পূরণে ব্যর্থ হলে সেই দলের দায়ভার বিসিবিকেই বহন করতে হয় — অথচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বোর্ডের লাভবান হওয়ার কথা, লোকসান নয়। তাই এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়াকে গুরুত্ব দিচ্ছেন না তিনি।
তবে বিপিএল একেবারে বন্ধ করে দিতে চান না তামিম; বরং ভালোভাবে সাজিয়ে ফেরাতে চান। তিনি বলেন, "আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। ঠিকঠাক মতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।"
বিপিএল না হওয়ায় ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন—এই বাস্তবতা স্বীকার করেছেন তামিম। খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, "আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না।" তিনি আরও যোগ করেন, বিপিএল একটি দারুণ প্রোডাক্ট এবং এটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে—সঠিকভাবে সাজাতে পারলে সেই আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন
- ডারউইনে ইতিহাস
- ডারউইনে জয়ের সুবাস বাংলাদেশের সামনে, লক্ষ্য মাত্র ৫৭
- তানজিদের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ
- ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করল বাংলাদেশ
- দাবানল-বিধ্বস্ত মাদ্রিদের পাশে মেসি, ৮০ হাজার ইউরো অনুদান
- ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি
- বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-আর্জেন্টিনার আধিপত্য, আছেন ভোজিনহা-রুমও