1. »
  2. জাতীয়

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৫:২৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৫:২৩ পিএম

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে বিকেল পাঁচটায়। বৃহস্পতিবার বেলা দুইটায় শুরু হওয়া এই ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ সমাপ্তির ঘোষণা দিয়ে জানান, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা এখন ভোট গণনার কাজ শুরু করবেন এবং গণনা শেষ হওয়া মাত্রই ফলাফল ঘোষণা করা হবে।

ভোটগ্রহণের শুরু থেকে টানা এক ঘণ্টারও বেশি সময় সংসদ কক্ষে নিজের আসনে বসে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পাশের আসনে ছিলেন দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়া কাছাকাছি আসনে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় সামনে দাঁড়িয়ে থাকা সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাঁদের খোঁজখবর নেন।

বেলা ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ত্যাগ করে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। যাওয়ার সময় সঙ্গে নেন দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

সূত্র: বাসস