কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৫০ এএম | আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৫০ এএম
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। মৃতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তিনতলার হোটেল শিখা ইনে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন হোটেলের এক আবাসিক অতিথি মো. রফিকুল ইসলাম।
মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল, আটকা পড়েন অতিথিরা। হোটেলে ঢোকার পথ ছিল সরু ও অপ্রশস্ত, ছিল না অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা—এসব ঘাটতি নিয়েই চলছিল হোটেলটি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, হতাহত ব্যক্তিরা হোটেলটির আবাসিক অতিথি ছিলেন এবং চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই হোটেলটির অবস্থান হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বাহিনীকে। পাঁচতলা এই ভবনের প্রতিটি তলায় বিভিন্ন নামে আলাদা আলাদা হোটেল চলে।
কলকাতা পুলিশ এখনো নিহতদের নাম প্রকাশ করেনি। ভারতের দ্য হিন্দু পত্রিকা কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এবং এনডিটিভি অনলাইন পৃথকভাবে ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আবাসিক অতিথিদের উদ্ধারে কাজ করেন। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লাগার ধারণা করছে ফায়ার সার্ভিস। ওই হোটেলে ঠিক কতজন অবস্থান করছিলেন, তা এখনো জানা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, এই এলাকার হোটেলগুলোতে মূলত চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরাই বেশি ওঠেন।
আরও পড়ুন
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
- মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
- দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলায় নিহত ১১
- লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন, ড্রোন হামলার অভিযোগ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২