শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ০৭:৪৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ০৭:৪৯ পিএম
শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে 'খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মন্ত্রী জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে 'খেলাধুলা' ও 'বাংলাদেশের সংস্কৃতি' নামে দুটি নতুন পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে 'লার্নিং উইথ হ্যাপিনেস' শীর্ষক আরেকটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি। ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামেও 'খেলাধুলা' বিষয়টি যুক্ত করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি 'রিটায়ার্ড টিচার্স পুল' গঠনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার ইতিমধ্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিল কর্মসূচি চালু করেছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই দেশের সব উপজেলাকে এই মিড-ডে মিল কর্মসূচির আওতায় আনা হবে।
অনুষ্ঠানে দেশীয় খেলার প্রসারে বিশেষ গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিশুদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করতে হলে তাদের আনন্দময় শিক্ষা দিতে হবে, আর সে জন্য প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ ছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, দেশের সব জায়গায় খেলার মাঠ বাড়ানো এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত।
আরও পড়ুন
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন