1. »
  2. জাতীয়

জ্বালানি সংকট মোকাবেলায় কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ০৭:৪৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ০৭:৪৩ পিএম

জ্বালানি সংকট মোকাবেলায় কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় কাতারের দুই দিনের সরকারি সফরে দোহা গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুরেই কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন খলিলুর রহমান। 

বৈঠকে জ্বালানি সরবরাহ, বিশেষত কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। 

এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন ক্ষেত্রে সহযোগিতার পথ খুলে দেবে।

সফর শেষে আগামীকাল বুধবার (১৯ আগস্ট) রাতে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।