মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:৩৪ এএম
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে আখ্যায়িত করেছেন ‘একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে।
গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় তিনি খুবই খুশি।
তার ভাষ্যে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার হওয়ার এবং দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে সক্ষম হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
গত ৭ আগস্ট মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটি সদস্য দেশ আক্রান্ত হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে, যার উদ্দেশ্য সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা।
চুক্তিতে তিন দেশ নিজেদের সম্মিলিত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও এর বাইরেও শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের উদ্যোগেও অংশ নেওয়ার বিষয়ে তিন দেশ একমত হয়েছে।
এই চুক্তি এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলাও অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছে।
আরও পড়ুন
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
- দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলায় নিহত ১১
- লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন, ড্রোন হামলার অভিযোগ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২
- হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে কঠোর শর্ত ইরানের