1. »
  2. আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলায় নিহত ১১

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:৫১ এএম

দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলায় নিহত ১১

গত জুনে ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে হওয়া চুক্তির পর দক্ষিণ লেবাননে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে শনিবার (১৫ আগস্ট)। এদিন ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৯ জন। 

এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দক্ষিণাঞ্চলীয় আনসার গ্রামে ভোরে চালানো হামলায় একটি বাড়ি লক্ষ্যবস্তু হয়, যাতে প্রাণ হারান সাতজন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় থেকে জানানো হয়েছে, এই হামলায় একটি পুরো পরিবার নিহত হয়েছে—যাদের কেউ কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না। একই দিন দেইর জাহরানি গ্রামে পৃথক হামলায় আরও চারজন নিহত হন।

ইসরাইলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের ওপর হিজবুল্লাহর হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে। তবে লেবানন সরকার ও হিজবুল্লাহ উভয়েই এই দাবি প্রত্যাখ্যান করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আগামী মাসের শুরুতে রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল-লেবাননের মধ্যে অষ্টম দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। ঠিক তার প্রাক্কালে চালানো এই হামলাকে প্রেসিডেন্ট আউন আলোচনা ও চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টার বিরুদ্ধে "স্পষ্ট বার্তা" বলে আখ্যায়িত করেছেন। 

প্রধানমন্ত্রী নাওয়াফ সালামও হামলার নিন্দা জানিয়ে ইসরাইলকে এই "অত্যন্ত বিপজ্জনক" উত্তেজনা বন্ধের আহ্বান জানান।

পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের চুক্তি লঙ্ঘন ও নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার প্রবণতা আর সহ্য করা হবে না এবং এসবের "উপযুক্ত জবাব" দেওয়া হবে। 

একই সঙ্গে ইসরাইলের সঙ্গে চলমান আলোচনা বন্ধ করতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানায় তারা। সংগঠনটির অভিযোগ, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে যুদ্ধ আরও উসকে দিতে চাইছেন।