ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:০১ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:০১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ শুক্রবার দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি নিজেই এ কথা জানান, তবে স্পষ্ট করে বলেছেন, ছাত্রদলের সঙ্গে তাঁর সম্পর্ক এতে শেষ হচ্ছে না।
তিনি লিখেন, "আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া যায়; আদর্শ থেকে নয়, ভালোবাসা থেকে নয়, সহযোদ্ধাদের কাছ থেকে নয়"—লেখেন তিনি পোস্টে।
দীর্ঘ এই বার্তায় নাছির তুলে ধরেন তাঁর ১৭ বছরের রাজনৈতিক জীবনের বাঁকগুলো। ওয়ান-ইলেভেনের সংকটময় সময়ে যাঁর রাজনৈতিক যাত্রা শুরু, তারপর সংগ্রাম, ত্যাগ, নির্যাতন, গুম ও খুনের ভয়াবহতার মধ্য দিয়ে তিনি এগিয়েছেন বলে জানান। এই সময়ে গুম-খুন-নির্যাতনের শিকার হওয়াদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টের আন্দোলনকে নিজের সময়ের সবচেয়ে কঠিন অধ্যায় বলে উল্লেখ করেন নাছির।
সে সময় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখা ও সংগঠনের সব স্তরকে আন্দোলনমুখী রাখা ছিল বড় চ্যালেঞ্জ, এবং সেই আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর অবদানের কথাও তিনি স্মরণ করেন। পোস্টে নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে একযোগে কাজ করার অভিজ্ঞতাও উল্লেখ করেন তিনি, একে সংকটকালের অমূল্য সহযোগিতা বলে বর্ণনা করে।
আন্দোলন-পরবর্তী নোয়াখালী-ফেনী বন্যায় ত্রাণ তৎপরতায় অংশ নেওয়ার প্রসঙ্গও টানেন নাছির। খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ফেনীতে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।
নিজের মেয়াদে ছাত্রদলের দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠনের কথা জানিয়ে বলেন, এটি কোনো একক কৃতিত্ব নয়, বরং সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সম্মিলিত পরিশ্রমের ফল। তবে কিছু কমিটি শেষ করতে না পারা এবং ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না আসাকে নিজের মেয়াদের অপূর্ণতা হিসেবে স্বীকার করেন তিনি, আশা প্রকাশ করেন এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ছাত্রদল আরও শক্তিশালী হয়ে উঠবে।
বিদায়বেলায় নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে নাছির বলেন, প্রয়োজনে তিনি তাঁদের পাশে থাকবেন আগের মতোই। নিজের ভুল-ত্রুটির জন্য সহযোদ্ধাদের কাছে ক্ষমাও চান তিনি, জানান ছাত্রদলের স্বার্থের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা তাঁর কখনো ছিল না।
পোস্টের শেষ ভাগে তিনি লেখেন, "আজ বিদায় নিচ্ছি একটি দায়িত্ব থেকে। কিন্তু সম্পর্ক থেকে নয়, সংগ্রাম থেকে নয়, আদর্শ থেকে নয়। দেখা হবে অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো দায়িত্বে, অন্য কোনো সময়ে।" পরিবার, বন্ধু, সাংবাদিক ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে পোস্ট শেষ করেন নাছির।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস