1. »
  2. জাতীয়

বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ০৫:৩১ পিএম | আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ০৫:৩১ পিএম

বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে বুধবার (১২ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া বাকি পাঁচ কর্মকর্তা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরিচ্যুত করার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

বরখাস্তের আগে বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। 

একই অবস্থায় সুদীপ কুমার চক্রবর্তীও ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. ইকবাল হোসাইন খুলনা রেঞ্জে এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। 

অন্যদিকে মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে মো. গোলাম রুহানী সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই বলে জানা গেছে।