1. »
  2. খেলার মাঠ

২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করল বাংলাদেশ

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:২৩ এএম

২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করল বাংলাদেশ

দীর্ঘদিনের হিসাব-নিকাশ আর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাছাইপর্ব খেলা ছাড়াই মূল আসরের টিকিট নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে আরেকটি সমীকরণও—দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব, টানা তৃতীয়বারের মতো।

বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছিল সরাসরি কোয়ালিফাইয়ের শেষ লড়াই। এই তিন দলের মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান, এরপর বাছাইপর্ব এড়িয়ে সরাসরি জায়গা পাকা করে বাংলাদেশও।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এই তালিকার বাইরে থাকছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। যেহেতু দক্ষিণ আফ্রিকা এমনিতেই শীর্ষ ৮-এ আছে, তাই কার্যত র‍্যাংকিংয়ের শীর্ষ ৯ দলই সরাসরি সুযোগ পাচ্ছে বিশ্বকাপে।

বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে আফগানিস্তান। এরপরই র‍্যাংকিংয়ের হিসাব-নিকাশ বলছে, বাংলাদেশের জায়গাও পাকা হয়ে গেছে। ক্রিকইনফোর এক প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজের সামনে যা বাকি

৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ বাকি আছে ওয়েস্ট ইন্ডিজের। তবে সেই দুই ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ নেই ক্যারিবীয়দের। ফলে একদিকে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট যেমন নিশ্চিত, তেমনি ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে নামতে হচ্ছে বাছাইপর্বে।