কলম্বিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:১৮ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:১৮ এএম
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে, আহত হয়েছেন ৫৭০ জনেরও বেশি মানুষ। দেশটির সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার এই ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছে সরকার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনবিরল প্রদেশ চোকোর সান হোসে দেল পালমারের কাছে, আর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।
উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে হলেও রাজধানী বোগোটা পর্যন্ত এর প্রভাব পৌঁছায়, যেখানে মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও—ভেনেজুয়েলার তাচিরা রাজ্য ও বারকিসিমেতো শহরের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
এই দুর্যোগ এমন এক সময়ে ঘটল যখন মাত্র কয়েকদিন আগে, গত শুক্রবার, কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব গ্রহণের পরপরই তার সরকারকে বড় সংকট মোকাবেলায় নামতে হলো। উদ্ধার ও ত্রাণ তৎপরতার নেতৃত্ব দিতে বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত এসপ্রিয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রও।
সবচেয়ে বেশি বিপর্যয় নেমে এসেছে বোগোটার দক্ষিণ-পশ্চিমের কালি শহরে, যেখানে অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে। প্রাদেশিক হিসাবে, রিসারালদায় ৬০ জন, ভায়েই দেল কাওকায় ২৭ থেকে ৩৫ জন, চোকোয় ৯ জন, মানিসালেস শহরে ৩ জন, কালদাসে ২ জন এবং অ্যানতিওকিয়ায় ১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনো অনেক এলাকা থেকে সবিস্তার তথ্য আসেনি।
আরও পড়ুন
- লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন, ড্রোন হামলার অভিযোগ
- হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে কঠোর শর্ত ইরানের
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশিকে উদ্ধার, গ্রেপ্তার ১
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আদেশ ট্রাম্পের
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩০
- যুদ্ধ ও এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে ফের বাড়তে পারে খাদ্যপণ্যের দাম: জাতিসংঘ
- ইরান-ওমান আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম