1. »
  2. দূর্ঘটনা

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:২২ পিএম | আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:২২ পিএম

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩

বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। 

আজ রোববার সকালে বগুড়া মহানগরীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছিলিমপুর এলাকার ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী অন্য একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেন, যাতে ধাক্কা দেওয়া ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন, আহত হন অন্তত দুজন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও একজনের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান জানান, ফ্লাইওভারে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে এবং যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।