‘গণমাধ্যম শক্তিশালী হলেই শক্তিশালী হবে গণতন্ত্র’ : মির্জা ফখরুল
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ০৩:৫০ পিএম | আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ০৩:৫০ পিএম
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে—তবে এ জন্য সরকার একা নয়, গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্র কেবল নির্বাচননির্ভর কোনো ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি—তাই একে টেকসই করতে সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক চর্চা জোরদার করা জরুরি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে গণতন্ত্রও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সত্য প্রকাশকে গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো ধরনের সেল্ফ সেন্সরশিপ ছাড়াই সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ালে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি।
সেমিনারে প্রধান আলোচক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে সরকার-জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়তে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার, গণমাধ্যম মালিকপক্ষ ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।
আরও পড়ুন
- রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
- আজ থেকে উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
- রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
- পথ হারালে জুলাই জাদুঘরই দেখাবে নতুন পথ : ড. ইউনূস
- এই দেশ আর কখনো তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না : প্রধানমন্ত্রী
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেকে রহমান
- পানি ব্যবস্থাপনার টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়