1. »
  2. শিক্ষা

এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:২৫ এএম | আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:২৫ এএম

এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ নিশ্চিত করা হয়।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকে ফল দেখতে পারবে। মুঠোফোনে দ্রুত ফল পেতে যেকোনো অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্দিষ্ট নিয়মে এসএমএস পাঠাতে হবে:

সাধারণ শিক্ষা বোর্ড: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫

মাদরাসা বোর্ড: SSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫

কারিগরি বোর্ড: SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫

প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।


চলতি বছর ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয় এসএসসি ও সমমান পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।