1. »
  2. দূর্ঘটনা

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:১২ এএম | আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:১২ এএম

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫

বগুড়া-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, এরপর ছিটকে গিয়ে পড়ে কাজের সন্ধানে অপেক্ষমাণ একদল দিনমজুরের ওপর। এতে অন্তত ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়ক-সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে, এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও তিনজন মারা যান। আহত হন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ ও সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালায়।

বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।