দেশজুড়ে র্যাবের নিরাপত্তা জোরদার
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১২:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১২:৪১ পিএম
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
মঙ্গলবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানানো হয়।
র্যাব জানায়, দিবসটি উপলক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক পরিকল্পনা গ্রহণ করেছে, বাড়ানো হয়েছে আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রমও।
অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চালাবেন র্যাব সদস্যরা, দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে চলবে এই কার্যক্রম। প্রকৃতপক্ষে প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও স্মৃতিস্তম্ভে দিবসটির সাত দিন আগে থেকেই নজরদারি চালিয়ে আসছেন সদস্যরা।
সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, দিবসটি উপলক্ষ্যে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন
- পানি ব্যবস্থাপনার টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
- আগামীকাল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ঢাকায় সৌদি যুবরাজের বিশেষ দূত
- ভোটার তালিকা পেলেই প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল: ইসি সচিব
- প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- সরকারি গুরুত্বপূর্ণ ভবনে স্থাপন হবে সৌর প্যানেল: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা অনুষ্ঠিত
- পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী