টাকার দ্বন্দ্বে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৩৬ এএম | আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৩৬ এএম
জমি কেনার নামে ৩০ লাখ টাকা নিয়ে ফেরত না দেওয়া, উল্টো আরও ২০ লাখ টাকা দাবি—এই বিরোধের জেরেই গোপনে বিয়ে করা স্ত্রী সালেহা বেগমকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করান লক্ষ্মীপুরের কমলনগরের জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে এক পরিত্যক্ত ভিটায় পাওয়া যায় সালেহা বেগমের মরদেহ। মেয়ে ফাতেমা বেগম তখন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
তদন্তে নেমে কমলনগর থানা পুলিশ মো. সেলিম নামে এক ভাসমান ব্যক্তিকে গ্রেপ্তার করে, যিনি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
সেলিমের জবানবন্দি অনুযায়ী, সালেহাকে নির্জন স্থানে নিয়ে গলা টিপে অচেতন করার পর ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়, এরপর তার স্বর্ণালংকার নিয়ে সেলিম আত্মগোপনে চলে যান।
চার্জশিটে বলা হয়, সালেহার সঙ্গে গোপনে বিয়ের পর জমি সংক্রান্ত অর্থবিরোধে সম্পর্কের অবনতি ঘটলে ৫০ হাজার টাকার বিনিময়ে আবু বকর সেলিমকে দিয়ে খুন করান। তদন্ত প্রতিবেদনে সেলিম ও আবু বকর দুজনকেই অভিযুক্ত করা হয়। সেলিম কারাগারে থাকলেও আবু বকর তখন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবু বকর ছিদ্দিক। ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসাইন জানান, হত্যা মামলাটি এখনও বিচারাধীন।
আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে।
সালেহা বেগমের ছেলে শরীফ উদ্দিন ও মো. আরিফুল ইসলামের অভিযোগ, জামায়াতের রাজনীতি করলেও আবু বকর প্রকৃতিতে লম্পট—এ পর্যন্ত সাতটি বিয়ে করেছেন তিনি, অর্থের লোভে গোপনে বিয়ে করেছিলেন তাদের মাকেও। বিচ্ছেদের পর ক্ষুব্ধ হয়ে ভাড়াটে লোক দিয়ে খুন করানোর অভিযোগ তুলে তারা আদালতের কাছে ন্যায়বিচার ও দুই আসামির মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
- ভারতে পালিয়ে সেলফি হাদির ওপর হামলাকারীর
- মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১
- আইনশৃঙ্খলার অবনতি, খুলনায় বাড়ছে খুন, চাঁদাবাজি
- শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ, আটক ১৮
- সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
- বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার
- চার স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার