1. »
  2. জাতীয়

ভোটার তালিকা পেলেই প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল: ইসি সচিব

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ০৫:৫৩ পিএম | আপডেট: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ০৫:৫৩ পিএম

ভোটার তালিকা পেলেই প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল: ইসি সচিব

জাতীয় সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা হাতে পাওয়ার পরই প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা পাঠানোর জন্য জাতীয় সংসদ সচিবালয়কে ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে, তবে তালিকা এখনো হাতে আসেনি। তালিকা পাওয়ার পরই তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২৪ জুলাই প্রেসিডেন্ট পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সাংবিধানিক বিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে ইসি ইতিমধ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে, যদিও নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিনের ব্যবধান রাখা হয়, আর ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণের জন্য প্রয়োজন হয় আরও প্রায় দেড় মাস। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনে প্রায় তিন মাসের প্রস্তুতি প্রয়োজন হওয়ায় এ মুহূর্তে সুনির্দিষ্ট সময় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না বলে জানান তিনি। এর আগে গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রেখেছিল কমিশন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রসঙ্গে ইসি সচিব জানান, এনআইডি নিয়ে একটি কমিটি গঠন করা হলেও কমিটির সুপারিশ এখনো চূড়ান্ত রূপ পায়নি। বিস্তৃত কাঠামোয় আলোচনা হলেও অসংগতি এড়াতে সুনির্দিষ্ট কার্যপ্রণালী (এসওপি) এখনো তৈরি হয়নি। 

উদাহরণ দিয়ে তিনি বলেন, জন্ম তারিখ সংশোধনের জন্য আসা এক ব্যক্তির চাহিদা অনুযায়ী হিসাব করলে দেখা যায় তিনি মাত্র সাত বছর চার মাস বয়সে ভোটার হয়েছিলেন—এমন অসংগতিপূর্ণ সংশোধনের আবেদন প্রত্যাখ্যান করাটাই স্বাভাবিক। 

ডকুমেন্টের মধ্যে তথ্যের সামঞ্জস্য প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, পাসপোর্ট ভ্রমণ-সংক্রান্ত নথি হলেও এনআইডি জাতীয় নথি, আর উভয়ই নির্ভরশীল জন্ম-মৃত্যু নিবন্ধন সনদের ওপর—এভাবেই একটি ধারাবাহিকতা বজায় থাকে।

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমাদানের বিষয়ে ইসি সচিব জানান, আইন অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ওই দিন শুক্রবার হওয়ায় সময়সীমা বাড়িয়ে ২ আগস্ট করা হয়েছিল। বর্তমানে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় বাকি ৫৮টির মধ্যে ৩৮টি দল ইতিমধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি।

আরও পড়ুন