বরিশালে বালুর বস্তায় লুকানো বোমা বিস্ফোরণ, দগ্ধ ৩
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ০৫:৫২ পিএম | আপডেট: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ০৫:৫২ পিএম
বরিশালের বাকেরগঞ্জে ঘরের পাশে রাখা বালুর বস্তার ভেতরে লুকানো একটি বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজনের শরীর ঝলসে গেছে। আগুন লাগা অবস্থায় দিগ্বিদিক ছুটে বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে তারা প্রাণে বাঁচেন।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহ আলমের ছেলে জামাল জানান, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটলে সেখানে থাকা তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। শরীরের কাপড় পুড়ে যাওয়া অবস্থায় তারা নদীতে ঝাঁপিয়ে পড়েন। বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দগ্ধ তিনজন হলেন—শাহ আলমের স্ত্রী হনুফা বেগম (৫৫), মেয়ে ইতি (১৮) ও নাতি ফাহিম (১৫)। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের পর প্রথমে তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
বোমাটি কোথা থেকে এলো, তা শাহ আলমের পরিবারের কেউ বলতে পারেননি।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
- কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ