1. »
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে বাংলাদেশসহ ৫০ দেশের জামানত বাধ্যতামূলক

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:১৩ এএম | আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:১৩ এএম

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে বাংলাদেশসহ ৫০ দেশের জামানত বাধ্যতামূলক

আগামী ৩ আগস্ট থেকে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা পেতে নতুন শর্ত আরোপ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, বি১ (ব্যবসা) ও বি২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই জামানত আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে ৩ আগস্ট থেকে। কোন আবেদনকারীর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণের ক্ষমতা সংশ্লিষ্ট দেশে নিযুক্ত কনস্যুলার কর্মকর্তাদের হাতে থাকবে।

এই নীতির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে প্রায় ৩০টি আফ্রিকার দেশ। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে নেপাল ও ভুটান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে ‘ভিসা বন্ড’ কর্মসূচি চালু করা হয়। সেই অভিজ্ঞতাকে সফল দাবি করে এবার সেটিকে স্থায়ী রূপ দেওয়া হচ্ছে। পরীক্ষামূলক পর্যায়ে বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার। নতুন নিয়মে সর্বনিম্ন সীমা বাদ দিয়ে সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের মতে, এমন শর্ত বৈধ ভ্রমণকারীদের নিরুৎসাহিত করতে পারে এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অভিবাসন অধিকারকর্মীরা আরও অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে ভিসা ফি বৃদ্ধি এবং আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের পরিধি বাড়ানোর মতো পদক্ষেপও আবেদন প্রক্রিয়াকে কঠিন করে তুলছে।