1. »
  2. আন্তর্জাতিক

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আমিরাতের প্রেসিডেন্ট, শিগগিরই ঢাকা সফরের আগ্রহ

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ০৯:৫৪ এএম | আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ০৯:৫৪ এএম

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আমিরাতের প্রেসিডেন্ট, শিগগিরই ঢাকা সফরের আগ্রহ

ইরানের হামলার পর বাংলাদেশের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে শিগগিরই ঢাকা সফরের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাসের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএই প্রেসিডেন্ট।

হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিও গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

চিঠিতে অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইউএই প্রেসিডেন্ট।

বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান শেখ মোহাম্মদ। সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান রয়েছে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক।