1. »
  2. জাতীয়

যুবদলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শিপারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ০৯:৪৮ এএম | আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ০৯:৪৮ এএম

যুবদলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শিপারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান সিপারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বাদ আসর  মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে 'গার্ড অফ অনার' শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

পরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জন খাড়া গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। 

৭১' এর মহান মুক্তিযুদ্ধের এই সাহসী যোদ্ধার নামাজে জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সহযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ ছাড়াও  সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। 

 মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। 

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে শোক বার্তা পাঠিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এমপি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত। 

এর আগে বুধবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ৭৬ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা। 

৯০' এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি'র মুখপাত্র অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার বলেন , বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির একজন ত্যাগী ও আদর্শবান নেতা। আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সব মুখ সারিতে। আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এই নেতা প্রতিষ্ঠার লগ্ন থেকে বিএনপির সাথে জড়িত ছিলেন।  সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতায় তিনি সকলের কাছে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন