1. »
  2. জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ০৪:১৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ০৪:১৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল

জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজে পরিবর্তনের আশা জাগিয়ে তুলছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ বৃহস্পতিবার ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতিতেও পরিবর্তন আনার চেষ্টা করছেন। 

এর দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে প্রধানমন্ত্রী নিজে ডাস্টবিনে ময়লা ফেলার অনুশীলন করেন এবং সিটি করপোরেশনগুলোকে নগরী পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছেন। মানসিকতায় পরিবর্তন না এলে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

কিছুটা আক্ষেপের সুরে মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে গত পাঁচ মাসে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন হয়নি, যদিও প্রধানমন্ত্রী একাই দেশ ও সমাজ গঠনে পরিবর্তনের ধারণা লালন করে চলছেন। তিনি অভিযোগ করেন, অতীতে যারা ঘুষ ও দুর্নীতিতে জড়িত ছিলেন, তাদের অনেকেই ফ্যাসিস্ট পরিচয় ঝেড়ে ফেলে জুলাইয়ের পরিবর্তনের সুযোগ নিচ্ছেন, যা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী স্মরণ করেন, ১৯৪৭ সাল থেকেই এদেশের মানুষকে ভাগ্য বদলাতে জীবন দিতে হয়েছে— ক্ষুদিরাম বসু, প্রীতিলতাসহ অসংখ্য মানুষের আত্মত্যাগ সত্ত্বেও কাঙ্ক্ষিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা পায়নি। তিনি বলেন, ১৯৭১ সালের পর ২০২৪ সালে আবারও অসংখ্য প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করা হয়েছে, আর এই আত্মত্যাগের মূল্য দিতে হলে ভোগবাদী মানসিকতায়ও পরিবর্তন জরুরি।

তরুণদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বহু সভা-সমাবেশে তিনি বারবার প্রশ্ন তুলতেন, দেশ বদলানোর সেই তরুণরা কোথায়। ২০২৪ সালে তরুণরাই আন্দোলনে নেমে প্রাণ দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে বলে মন্তব্য করে তিনি সতর্ক করেন, পুরনো সমাজে ফিরে গেলে সেই আত্মত্যাগ বৃথা যাবে।

মির্জা ফখরুল বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় সেনারা তার কাছে গেলে তিনি কমান্ডারের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছিলেন, যার পরিণতিতে তাকে বন্দিত্ব বরণ করতে হয়। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় বেগম জিয়া ভিডিও বার্তায় প্রতিহিংসাহীন দেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠান শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

আরও পড়ুন