ঢাকা পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ০৪:০৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ০৪:০৫ পিএম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর: বৈঠক হবে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গর। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী গরের এটিই বাংলাদেশে প্রথম সফর।
সফরের প্রথম দিনেই সার্জিও গর সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে।
এ ছাড়া রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করতে পারেন বলে জানা গেছে। সফরের শেষ দিনে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজার সফরের কথা রয়েছে তার।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, সার্জিও গরকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত এবং এ সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রেক্ষাপটে বাংলাদেশের আঞ্চলিক অবস্থান নিয়েও ওয়াশিংটনের মূল্যায়ন জানার আগ্রহ থাকতে পারে যুক্তরাষ্ট্রের।
বিএনপি সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে আসা তৃতীয় ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সার্জিও গর। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঢাকা সফর করেন।
আরও পড়ুন
- বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত