1. »
  2. ধর্ম

হজযাত্রার প্রাথমিক নিবন্ধন আজ শুরু

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:২২ এএম | আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:২২ এএম

হজযাত্রার প্রাথমিক নিবন্ধন আজ শুরু

২০২৭ সালের হজে গমনেচ্ছুদের জন্য আজ সোমবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমেই নিবন্ধন করা যাবে। তবে প্রাথমিক নিবন্ধনের আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। 

এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় আগ্রহীরা ই-হজ সিস্টেমে ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। 

এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা-উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন সম্পন্ন করা যাবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। 

বেসরকারি ব্যবস্থাপনায় যাঁরা যাবেন, তাঁদের সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে; এজেন্সির হিসাব-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে হজ পোর্টালের প্রোফাইলে।

হজে যেতে আগ্রহীদের ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজও নির্বাচন করতে হবে।