1. »
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:০৭ এএম | আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১২:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্পেস নিডল টাওয়ারের কাছে গুলিতে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে, যেখানে তখন চলছিল জনপ্রিয় খাদ্য উৎসব ‘বাইট অব সিয়াটল’। সপ্তাহান্তের এই আয়োজনে শত শত খাবারের স্টল ও সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল। আকস্মিক গুলির শব্দে আতঙ্কিত জনতা ছুটোছুটি শুরু করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সিয়াটল পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে সিয়াটলের মেয়র কেটি উইলসন জানান, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।

বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রয়েছে দুই বছর বয়সী একটি শিশু, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হননি। বাকি আহতদের বিস্তারিত অবস্থা সম্পর্কে জানায়নি ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র: বিবিসি