মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:৩৬ এএম
মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই দেশের টেকসই অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ক্রীড়াকে শুধু বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুস্থ, প্রাণবন্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা বৃদ্ধিতেও ক্রীড়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি মত দেন।
তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে গত ১ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’। ইতোমধ্যে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী বলেন, এই আয়োজন তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশের একটি শক্ত ভিত্তি তৈরি করবে। সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মানুষকে শৃঙ্খলা, অধ্যবসায়, নেতৃত্ব, সহনশীলতা ও দেশপ্রেমের শিক্ষা দেয় বলেও উল্লেখ করেন তিনি।
আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরকে আরও বিস্তৃত করতে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হচ্ছে, ফলে মোট ইভেন্ট সংখ্যা দাঁড়াবে ১০টি। পাশাপাশি অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২-১৪ বছর থেকে বাড়িয়ে ১০-১৪ বছর করা হয়েছে, যাতে আরও বেশি শিশু এতে অংশ নিতে পারে।
প্রতিভাবান খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলা হবে যেখানে প্রতিভা, পরিশ্রম ও যোগ্যতাই হবে সাফল্যের একমাত্র মানদণ্ড।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশ নেওয়া খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উঁচু করবে। পাশাপাশি অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানিয়ে সমাপনী অনুষ্ঠানের সাফল্য কামনা করেন তিনি।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী