1. »
  2. জাতীয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ০২:৩৭ পিএম | আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ০২:৩৭ পিএম

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ রোববার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের এই সময়টুকু সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।’

রাষ্ট্রপতির পদত্যাগের পর তার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন জামায়াত-এনসিপি নেতারা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং তার ইমিউনিটি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না।’

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ পাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিধি অনুযায়ী তিনি সব সুযোগ পাবেন। প্রটেকশনের ৬ মাসের বিধান আছে, এ ছাড়া পুলিশ এবং অন্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।